২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের ‘বান্ধবী’ নীলা রিমান্ডে

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার আসামি নূর হোসেনের কথিত বান্ধবী সিটি করপোরেশনের নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌসী নীলাকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 09:03 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

রোববার নারায়ণগঞ্জ কারাগার থেকে নীলাকে সিআইডি হেফাজতে নিয়েছে বলে কারাগারের জেলার ফোরকান উদ্দিন নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকা থেকে প্রথমে জুয়েলের মস্তকবিহীন দেহ এবং পরে মাথা উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে জুয়েল হত্যা মামলাটি সিআইডি তদন্ত করছে।

নারায়ণগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার এহসান উদ্দিন চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম একেএম শফিকুল ইসলামের আদালতে নীলাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের হেফাজতে নেয়ার আবেদন করা হয়।

শুনানি শেষে বিচারক দুইদিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।

জুয়েলের লাশ উদ্ধারের পরদিন ২৭ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানার এসআই জিন্নাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

জুয়েল নোয়াখালী সদরের উত্তর মাসুদপুর গ্রামের ফিরোজ খানের ছেলে।

নীলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর। গত ২৬ মে জুয়েল হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।