২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল দাবি

স্বতন্ত্র বেতন স্কেল এবং চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 08:28 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার স্ব স্ব ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করেন।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন।

উপস্থিত ছিলেন শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, দ্বিতীয় ছাত্রহলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল গণি, প্রক্টর অধ্যাপক হিমাদ্রি শেখর রায় প্রমুখ।

খুলনা প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুপুরে মানবন্ধন করেন।

কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরুন্নবী মোল্লাসহ শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাবি শিক্ষক সমিতির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হাসান মজুমদার, অধ্যাপক শাসসুল আলম সরকার, অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেন ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল আহছানসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকরা মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে।

এক ঘণ্টাব্যাপী এই  মানববন্ধনে হাবিপ্রবির সকল বিভাগের শিক্ষ-শিক্ষিকারা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যাপক ড. বলরাম রায়, অধ্যাপক ড. মো. আনিস খান, অধ্যাপক টি এম টি ইকবাল, অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন খান, অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ, অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ প্রমুখ।