২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক আজাদীর সাবেক সম্পাদক খালেদকে স্মরণ

সাবেক জাতীয় পরিষদ সদস্য, সংবিধান প্রণেতা ও দৈনিক আজাদীর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদকে স্মরণ করেছে চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 08:25 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

রোববার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক ও অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মৃতি পরিষদ তার ৯২ তম জন্মদিনে স্মরণসভার আয়োজন করে।

স্মরণ সভায় বক্তারা অধ্যাপক খালেদের জীবন নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

১৯৭০ সালে মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীকে পরাজিত করে রাউজানের এমএনএ নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ খালেদ।

স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন খালেদ ১৯৭৫ সালে বাকশাল সরকারের চট্টগ্রামের গর্ভনর নির্বাচিত হয়েছিলেন।  

বক্তারা বলেন, বিভিন্ন অবদানের জন্য অনেকে সম্মনানা পেলেও একজন সংবিধান প্রণেতার পাশাপাশি তার বৃহৎ কর্মজীবন ছিল।

তার কর্মজীবনের জন্য তাকে মূল্যায়ন করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ২০০৩ সালে মৃত্যুর পরও তাকে মূল্যায়ন করা হয়নি।

রাজনীতি, সাংবাদিকতার পাশাপাশি বর্ণাঢ্য কর্মজীবনের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদকে মরণোত্তর সম্মাননা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

১৯৬০ সালে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত হওয়ার দুই বছর পর চট্টগ্রামের অন্যতম প্রাচীন দৈনিক পত্রিকা আজাদীর সম্পাদক হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক থালেদ।

২০০৩ সালের ২১ ডিসেম্বর মৃত্যুর আগ পর্যন্ত তিনি আজাদীর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

স্মরণসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী এবং চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর আবুল হাশেম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল, অধ্যাপক মোহাম্মদ খালেদের সন্তান মোহাম্মদ মোহাম্মদ জহির, শওকত বাঙালী প্রমুখ।