পদ্মার ঘাটে পয়সা যাবে না যাত্রীদের
আসন্ন ঈদের আগেই পদ্মা পাড়ি দিয়ে রাজধানীর সঙ্গে দক্ষিণ ও দক্ষিণপশ্চিমবঙ্গে চলাচলকারী যাত্রীদের কাছ থেকে ঘাটে অর্থ আদায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এক বৈঠকে মাদারীপুরের কাওড়াকান্দি, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের কাছ থেকে টাকা নেয়া বন্ধের সিদ্ধান্ত হয় বলে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান জানান।
তিনি বলেন, ইতোমধ্যে মাওয়া ঘাটে যাত্রীদের কাছ থেকে টাকা নেয়া বাতিল করা হয়েছে। আগামী ১৫ জুলাই থেকে কাওড়াকান্দি, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যাত্রীদের কাছ থেকে কোনো টাকা নেয়া হবে না। তবে গাড়ি থেকে টোল আদায় করা হবে।
ঈদের সময় লঞ্চ, ফেরি ও স্টিমারসহ অন্যান্য নৌযানের নিরাপদ চলাচল বিষয়ক ওই সভা হয়।
ফাইল ছবি
তিনি বলেন, “অন্যান্য ঈদের চেয়ে এবার বেটার সার্ভিস দেয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নৌ-পুলিশও কাজ করবে এই ঈদে।”
ঈদের আগের ও পরের পাঁচ দিন এবং ঈদের দিন নিয়ে মোট ১১দিন নদীতে বালুবাহী ট্রলার চলাচল করতে পারবে না বলে জানান মন্ত্রী।
এছাড়া ঈদের আগের ও পরের তিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ছাড়া অন্যান্য ট্রাক ও কাভার্ড ভ্যানের ফেরি পারাপার বন্ধ থাকবে।
নৌমন্ত্রী বলেন, “এ বছর দুটি ঈদই বর্ষা মৌসুমে হবে। এই বিষয়টি মাথায় রেখে লঞ্চ মালিকদের সঙ্গে আলাপ করা হয়েছে। কোনো অবস্থাতেই অদক্ষ চালকদের লঞ্চ চালাতে দেয়া হবে না। অতিরিক্ত যাত্রীও লঞ্চে ওঠানো যাবে না।”
সভায় নৌসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর জাকিরুল ইসলাম ভূঁইয়া, লঞ্চ মালিক, শ্রমিক, সড়ক পরিবহন ফেডারেশনসহ ১৬ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
