কবি মানিক বৈরাগীর চিকিৎসার দাবি
কক্সবাজারের সন্তান কবি মানিক বৈরাগীর চিকিৎসা প্রদানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ দাবিতে রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্মারকলিপিতে বলা হয়, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় সাম্প্রদায়িক শক্তির হাতে নির্যাতিত কবি মানিক বৈরাগীর বর্তমানে অসুস্থ জীবনযাপন করছেন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সাক্ষাত করেছেন এবং প্রধানমন্ত্রী তার চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর এ আশ্বাস বাস্তবায়নের আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।
কক্সবাজার শহর আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান, সিপিবি জেলার সাবেক সাধারণ সম্পাদক সমীর পাল, জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের কেন্দ্রীয় সদস্য তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনসহ আরো ১২ জন স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
