শরীয়তপুর মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে উপজেলার দুলারচর লঞ্চঘাটের উত্তর পাশে সেতুর কাছ থেকে পুলিশ রাজিব দেওয়ানের (১৮) লাশ উদ্ধার করে।
সখিপুর থানার ওসি সমির সরকার জানান, শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন রাজিব। এরপর সে আর বাড়ি ফেরেননি।
দুলারচর লঞ্চঘাটের সেতুর কাছে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, রাজিবের মাথায় ধারালো অস্ত্রে আঘাত রয়েছে। তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। দুর্বৃত্তরা রাজিবকে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেলটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
