২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে ডুয়েট শিক্ষকদের মানববন্ধন

স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন ও চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 01:20 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে ডুয়েট শিক্ষক সমিতি রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির ডুয়েট শাখার সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী বলেন, “দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসছেন। কিন্তু আকর্ষণীয় বেতন কাঠামো না থাকায় তারা এ পেশা থেকে দূরে সরে যাচ্ছেন।।”

তিনি বলেন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতস্ত্র বেতন কাঠমো থাকলেও বাংলাদেশে নেই।

তিনি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং একই সঙ্গে শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৭ বছর করারও দাবি জানান।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) গনেশ চন্দ্র সাহা ও শারিরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. সিরাজুল হক মোল্লা।

সিভিল অনুষদের ডিন মো. নুরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস অনুষদের ডিন মো. আনওয়ারুল আবেদীন, মেকানিক্যাল অনুষদের ডিন মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা ও শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।