সোহাগ পরিবহনের বাসে বিস্ফোরণে নিহত ১, আহত ২০
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, শনিবার বিকাল ৫টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের মাধবকাটি মোড়ের এ দুর্ঘটনায় আরো কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বগুড়া জেলা সদরের নুরুল ইসলামের ছেলে রুহুল আমীন (৪৫), সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বামাড়ি গ্রামের মিলন হোসেনের স্ত্রী সোনালী খাতুন (২২), শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে হেনা পারভিন (১৮), পুরাতন সাতক্ষীরার মুছা মোল্লার স্ত্রী মোমেনা পারিভন (৫০) ও যশোরের শার্শা উপজেলা সদরের আবুল হোসেনের ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)।
“আগুনে পুড়ে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গাড়ির গ্লাস ভেঙে বাইরে বের হওয়ার সময় আগুনে ঝলসে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা হয়েছে।”
এছাড়া হতাহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
