রাঙামাটিতে সুলতানা কামালদের উপর হামলা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) প্রতিনিধি দলের গাড়িতে হামলায় ওসিসহ দুই জন আহত হয়েছেন।
শুক্রবার রাতে সিএইচটি কমিশনের কো-চেয়ার সুলতানা কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাঙামাটি সফরে আসেন। প্রতিনিধি দলটি রাতে পর্যটন মোটেলে রাত কাটিয়ে ফেরার পথে হামলার শিকার হন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর দেড়টার দিকে পর্যটন মোটেল থেকে পুলিশ প্রহরায় চট্টগ্রাম যাওয়ার পথে শহরের ওমদামিয়া হিল এলাকায় তারা হামলার শিকার হন।
হামলায় কোতোয়ালি থানার ওসি সোহেল ইমতিয়াজ ও সিএইচটি কমিশনের প্রতিনিধি ইলোরা দেওয়ান আহত হন। মাথায় আঘাতপ্রাপ্ত এই দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এর আগে সিএইচটি কমিশনের রাঙামাটি সফরে আসার খবর জানতে পেরে শনিবার সকাল থেকে পার্বত্য সম-অধিকার আন্দোলনসহ ছয়টি সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে ব্যারিকেড দেয়।
এ সময় তারা শহরের ফিশারি বাঁধসহ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
