২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে গেছেন সিএইচটি কমিশন প্রতিনিধিরা 

বিক্ষোভ-অবরোধ কর্মসূচির পর সফর সংক্ষিপ্ত করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক (সিএইচটি) কমিশনের প্রতিনিধি দল শুক্রবার খাগড়াছড়ি ছেড়ে গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 07:26 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

এর আগে সকালে খাগড়াছড়ির পর্যটন মোটেলে এক সংবাদ সন্মেলনে কমিশনের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা।

তিন পার্বত্য জেলা সফরের উদ্দেশ্যে গত বুধবার দুপুরে এ প্রতিনিধি দলটি খাগড়াছড়ি পৌঁছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাদের এই তিন জেলায় সফরের কথা ছিল। কিন্তু এর প্রতিবাদে পাহাড়ের বিভিন্ন সংগঠন অবরোধ ডাকার পর প্রতিনিধি দল রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল করে।

সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এ তথ্য জানান।

সংবাদ সন্মেলনে প্রতিনিধি দলটির কো-চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক স্বপন আদনান, মানবাধিকার নেত্রী খুশী কবির এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বক্তব্য রাখেন।

সংবাদ সন্মেলনে সুলতানা কামাল বলেন, পাহাড়ে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা ঠিক হবে না, যাতে শান্তি প্রতিষ্ঠার নামে আদিবাসীদের অধিকার খর্ব হয়।

তিনি বলেন, পাহাড়িদের জমি, বসতভিটায় অনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে। তারা স্বাভাবিক চলাচল করতে পারছে না, মৌলিক নাগরিক অধিকার খর্ব করা হচ্ছে।

তবে, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও পুলিশ সুপার জনগণের নিরাপত্তা তথা অধিআর প্রতিষ্ঠায় কাজ করবেন। প্রশাসন পরিস্থিতি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।

পার্বত্য চট্টগ্রামে কমিশন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে কি না প্রশ্ন করা হলে বলেন, “আমরা যখন নারী অধিকার, দারিদ্র্য নিয়ে কাজ করি, কথা বলি তখনও আমাদের বিদেশি এজেন্ট বলা হয়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কেন শুধু বিদেশি এজেন্ট হব?”

“কমিশন কোনো সিদ্বান্ত দিতে পারবে না। সিভিল প্রশাসন জনগণের মৌলিক অধিকার নিয়ে কাজ করবে, এটাই আমরা আশা করি। যাদের জীবন ঝুঁকিপূর্ণ তাদের বিষয়ে সরকার দায়িত্ব নেবে।”

তিনি বলেন, “খাগড়াছড়ির বাবুছড়া এলাকার সমস্যাসংকুল এলাকাগুলো আমরা ঘুরে দেখিছি। প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ২১টি পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের সাথে অন্যায় অরাজকতা চলছে।

“খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম ও পুলিশ সুপার শেখ মিজানুর রহমানসহ ১৫টি বিভিন্ন দলের সাথে কথা বলেছি।”

ভারতে আশ্রয় নিয়ে ফিরে আসা উপজাতীয় শরনার্থী পরিবারগুলোর সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী পুনর্বাসন করা হয়নি। পাহাড়ের মানুষ আশংকার মধ্যে বসবাস করছে। স্থাপনা গড়ে ওঠছে পাহাড়ি জমি বসতভিটা দখল করে। পাহাড়িদের নিরাপত্তা নেই, মামলা তুলে নেয়া হচ্ছে না। হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, ২টি হত্যাকাণ্ডের বিষয়ে স্বচ্ছতা নেই।

বাবুছড়ায় ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের সদস্যদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। ১৬ বছরের একটি আদিবাসী কিশোর এসএসসি পাশ করে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না। তাকে কারাগারে আটক রাখা হয়েছে, জামিন দেয়া হচ্ছে না। এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, জামিন পাওয়ার অধিকার সকলের রয়েছে।

সুলতানা কামাল আরো বলেন, “অস্ত্র দিয়ে একাধিক নিরীহ জনসাধারণকে আটক করে রাখা হয়েছে। এটি সভ্যতা হতে পারে না। পাহাড়ে বসবাসরত অদিবাসীরা রাতে প্রাকৃতিক কাজে পর্যন্ত ঘর থেকে বের হলে নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতায় পড়তে হচ্ছে।”

খুশি কবির বলেন, পার্বত্য চট্টগ্রাম কমিশনের আগমনে সমঅধিকার অবরোধসহ নানা কর্মসূচি দিয়েছে, কিন্ত কমিশনের কাজে কোন বাধা দেয়া হয়নি। কর্মসূচি দেয়ার অধিকার সকলের আছে।

মানুষ মনে করছে কমিশন অনেক ক্ষমতাবান, তার জন্য জনদুর্ভোগ কর্মসূচি দেয়া হয়েছে। তারা নিজেরা সম-অধিকার নিয়ে কথা বলেন অন্যের অধিকার ভঙ্গ করে, বলেন তিনি।

এদিকে খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সিএইচটি কমিশনকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে প্রতিনিধি দলের সদস্যদের অবস্থান পর্যটন মোটেলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে, কমিশন বিরোধী শ্লোগান দেয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক আবদুল মজিদ বক্তব্য রাখেন।

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিজিবির ব্যাটালিয়ন স্থাপনকে কেন্দ্র করে গত ১০ জুন পাহাড়িদের সঙ্গে পুলিশ ও বাঙালি শ্রমিকদের সংঘর্ষ হয়। এই ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় নারীসহ ৭ জন এখনো কারাগারে আটক রয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের প্রতিনিধি দল খাগড়াছড়ি সফর করে। পরে রাঙামাটি ও বান্দরবান সফরের কর্মসূচি ছিল, পরে যা পরিবর্তন করা হয়।

কমিশনের প্রতিনিধি দলের এ সফরের প্রতিবাদে বান্দরবান ও রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচি দেয় কয়েকটি সংগঠন, পরে রাঙামাটির কর্মসূচি প্রত্যাহার করা হয়।