২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রগ কেটে অ্যাম্বুলেন্সে ফের হামলা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 01:37 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার রাত ১১ টার দিকে মোমিনপুর গ্রামের এ ঘটনায় পাঁচ হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোর সদর হাসপাতালের চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, হামলার শিকার মুনছুর রহমানের (৪৫) পায়ের রগ কেটে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।     

আহত মুনছুর স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম।

মূল হামলাকারী মিজানুর রহমানসহ (২৭) আটক অন্যরা হলেন- জাহিদুর (২৫) শিমুল (২৮), ফারুক (২০) ও উজ্জ্বল (২৮)। সবাই একই গ্রামের বাসিন্দা। 

মিজানুর ও মুনছুরের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিকসহ বিভিন্ন বিরোধ ছিল বলে জানিয়েছে এলাকাবাসী। 

স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মিজানুর তার ১৪/১৫ জন সহযোগী নিয়ে মুনছুরকে তার বাড়ি থেকে তুলে আনে। পরে  তাকে রাম দা দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

“তবে অবস্থা হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় তার অ্যাম্বুলেন্সে ফের হামলায় চালায়

মিজানুর। খবর পেয়ে দ্রুত পার্শ্ববর্তী থানা থেকে পুলিশ এসে পাঁচজনকে আটক করে।”

এ সময় তাদের কাছ থেকে লাঠি, লোহার রড, চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।   

এ ঘটনায় শনিবার সকালের দিকে হামলার শিকার মুনছুরের মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে মিজানুরসহ ১৫ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছেন।

মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল।