২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ ঘণ্টা পর অবরোধমুক্ত রোকেয়ার উপাচার্য

চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অবরোধ থেকে ৩৬ ঘণ্টা পর মুক্ত হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্বদ্যিালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 12:19 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শুক্রবার রাতে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক শেষে আন্দোলনকারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে রাত ১১টার দিকে আবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। এছাড়া চলমান আন্দোলনও ১৯ জুলাই পর্যন্ত স্থগিতের ঘোষণা দেয় তারা।

এর আগে বৃহস্পতিবার চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী আন্দোলন শুরু করেন। ওইদিন বেলা ১১টা থেকে উপাচার্যকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা।

রাত ১১টায় উপাচার্য তার কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, “৩৬ ঘণ্টা শুধু পানি খেয়ে ছিলাম।”

  বকেয়া বেতনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে টানা ছয় দিন উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছিলেন।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সেকশন অফিসার (গ্রেড-২) ওবায়দুর রহমান জানান, উপাচার্যের সঙ্গে বৈঠকে ১৯ জুলাইয়ের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাস পাওয়ায় আন্দোলন স্থগিত করা হয়েছে।

তবে ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২২ জুলাই থেকে আবারো আন্দোলন শুরুর ঘোষণা দেন তিনি।

Image
উপাচার্য এ কে এম নূর-উন-নবী (ফাইল ছবি)

উপাচার্য এ কে এম নূর-উন-নবী (ফাইল ছবি)

উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ১৯ জুলাইয়ের মধ্যে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি যাতে স্থায়ী করা যায় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোর্শেদ-উল আলম রনি জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইউজিসির বেতনভুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৫৪০ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে অতিরিক্ত ৩৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছিলেন।

এদের মধ্যে ১৯৫ জনের চাকরি স্থায়ী করেছেন বর্তমান উপাচার্য। বর্তমানে আন্দোলনরত ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি অন্তর্বর্তীকালীন। এদের চাকরির মেয়াদ গত বছর জুন মাসে শেষ হয়েছে।

ইউজিসির নির্দেশ উপেক্ষা করে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়ায় গত বছরের ৫ মে মুহাম্মদ আবদুল জলিল মিয়াকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেয়া হয়।

পুরনো খবর:

রোকেয়ায় উপাচার্য অবরুদ্ধ