২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় উপাচার্য অবরুদ্ধ

কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে ২৪ ঘণ্টারও বেশি সময় নিজের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 03:00 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

চাকরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ রেখে বাইরে অবস্থান করছেন ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী।

বকেয়া বেতনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে টান ছয় দিন উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছিলেন।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সেকশন অফিসার (গ্রেড-২) ওবায়দুর রহমান বলেন, “আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে এক বছর ধরে আন্দোলন করছি। আমাদের চাকরি স্থায়ী করার আশ্বাস দিয়েও ঝুলিয়ে রাখা হয়েছে। তাই নতুন করে আন্দোলন শুরু করতে বাধ্য হয়েছি। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই।”

তিনি জানান, তাদের চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন পরিশোধের নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে উপাচার্যকে মুক্তি দেয়া হবে না।

অবরুদ্ধ অবস্থা থেকে টেলিফোনে এ কে এম নূর-উন-নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্দিষ্ট তারিখ দেয়া আমার পক্ষে সম্ভব নয়। গত বছরের ৬ মে যোগদানের পর অনেকের চাকরি স্থায়ী করেছি। বাকিদের চাকরি স্থায়ী করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে কথা হয়েছে। এজন্য ধৈর্য ধরতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোর্শদ-উল আলম রনি জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ইউজিসির বেতনভুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৫৪০ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে অতিরিক্ত ৩৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছিলেন।

এদের মধ্যে বর্তমান উপাচার্য ১৯৫ জনের চাকরি স্থায়ী করেছেন। বর্তমানে আন্দোলনরত ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি অন্তর্বর্তীকালীন। এদের চাকরির মেয়াদ গত বছর জুন মাসে শেষ হয়েছে।

ইউজিসির নির্দেশ উপেক্ষা করে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়ায় গত বছরের ৫ মে মুহাম্মদ আবদুল জলিল মিয়াকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেয়া হয়।

নিয়োগ নিয়ে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মুহাম্মদ আব্দুল জলিল মিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলের বিরুদ্ধে গত বছরের ১২ মে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।