একজনকে খুন করে তরুণীকে তুলে নেয়ার ঘটনায় আটক ৬
রাজধানীর উত্তরায় এক নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যার পর তরুণীকে তুলে নেয়ার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত ছয় জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তবে ‘তদন্তের স্বার্থে’ আটকদের নাম পরিচয় প্রকাশ করেননি পুলিশ কর্মকর্তারা।
আটকদের মধ্যে একটি বেসরকারি কলেজের এক শিক্ষক রয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে উত্তরা থানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “মামলার তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে কারো সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা কারো নাম প্রকাশ করছি না। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
বৃহস্পতিবার রাতে তুলে নেয়ার কয়েক ঘণ্টার মাথায় ক্যাম্ব্রিয়ান কলেজের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে অপহরণকারীরা উত্তরার একটি রাস্তায় ফেলে রেখে যায় বলে জানান উত্তরা থানার পরিদর্শক নূর আলম।
নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটির মা পুলিশকে জানিয়েছে, তার শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শিক্ষার্থী তাকে কয়েক মাস ধরেই অপহরণের হুমকি দিয়ে আসছিল। হুমকি দাতারাই তাকে অপহরণ ও নিরাপত্তারক্ষীকে হত্যায় জড়িত কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।”
উত্তরা থানার পরিদর্শক নূর আলম জানান, শুক্রবার ভোরে ওই তরুণীকে উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।
এদিকে শুক্রবার সকালে অপহৃত শিক্ষার্থীর মা নূর নাহার অপহরণ ও হত্যার ঘটনায় উত্তরা থানায় একটি মামলা করেছেন।
মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাদা প্রাইভেটকারে করে কয়েক যুবক এসে তার মেয়েকে তুলে নেয়। এসময় মেয়ের সঙ্গে তিনি নিজে ছাড়াও ওই তরুণীর হবু বর একটি বেসরকারি কলেজের শিক্ষক মাহফুজ ছিলেন।
এজাহারে বলা হয়, তারা উত্তরায় হেল্ভেশিয়া ফুড নামের একটি দোকান থেকে বেরিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টরের তিন নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি সাদা প্রাইভেটকার তাদের গতি রোধ করে ওই তরুণীকে টেনে গাড়িতে উঠানোর চেষ্টা চালায়। মাহফুজ বাধা দিলে তার দুই হাতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা।
তাদের চিৎকারে সেখানকার নিরাপত্তারক্ষী লিয়াকত হোসেন লিটন (৩৮)এগিয়ে এলে প্রাইভেট কারের চালক তার কোমরের অস্ত্র বের করে একটি গুলি করে।
গুলিবিদ্ধ লিটনকে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্ব্রিয়ান কলেজের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে পুলিশকে বলেছেন অপহৃতের মা।
এ ঘটনায় আহত যুবক মাহফুজকে উত্তরায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
