বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখায় হামলা-ভাংচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে বরিশাল নগরীর বিবির পুকুর পাড় এলাকা থেকে সাইফুল ইসলাম সাইদকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সাইফুল অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র। সম্প্রতি তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বরিশাল কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, সাইদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখায় হামলা-ভাংচুর ও সহকারী রেজিস্ট্রারকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি।
গত ৫ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শাখায় হামলা-ভাংচুর ও সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে মারধর করে একদল ছাত্র।
পরদিন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী এস্টেট অফিসার মো. সাইদুজ্জামান।
এছাড়া ওই ঘটনায় জড়িত অভিযোগে সাইফুল ইসলাম সাইদসহ ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
