চট্টগ্রামে অটোরিকশা-টেম্পো সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় সিএনজি অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় এ দুর্ঘটনায় মারা যান অটোরিকশা যাত্রী মো. মঞ্জুর (২০)।
তিনি উপজেলার ঘোষখিল গ্রামের মো. মনসুরের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে বড়ুয়ার টেক এলাকায় অটোরিকশা ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মঞ্জুর গুরুতর আহত হন।
স্থানীয়রা মঞ্জুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই পংকজ জানান, এ ঘটনায় আহত অটোরিকশা চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে তার নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
