নিরাপত্তাকর্মীকে হত্যা করে তরুণী অপহরণ
রাজধানীর উত্তরায় এক নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যার পর তরুণীকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিহত নিরাপত্তাকর্মীর নাম লিটন (৩০)। অপহৃত তরুণী একটি বেসরকারি কলেজেরে দ্বিতীয় বর্ষের ছাত্রী (১৯)।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উত্তরা চার নম্বর সেক্টরের তিন নম্বর রোডের ছয় নম্বর বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
স্বজনদের বরাত দিয়ে উত্তরা মডেল থানার এসআই নাজনীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা ও মাহফুজুল নামে এক যুবকের সঙ্গে হেঁটে হেল্প এশিয়া ফুড থেকে উত্তরার বাসায় ফিরছিলেন ওই তরুণী।
“এ সময় কয়েকজন যুবক ওই তরুণীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে। বাধা দিলে তারা মাহফুজুলকে চাপাতি দিয়ে কোপায়। এ সময় ওই তরুণীর চিৎকারে সামনের বাসার নিরাপত্তাকর্মী লিটন এগিয়ে এলে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।”
গুলিবিদ্ধ লিটনকে রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অপহৃত তরুণীর মা নূর নাহার অপহরণ ও হত্যার অভিযোগে একটি মামলা করেছেন।
উত্তরা (পূর্ব) থানার পরিদর্শক নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দুর্বৃত্তরা রাস্তায় ফেলে গেলে সকালে ওই তরুণীকে উত্তরার একটি রাস্তা থেকে পুলিশ উদ্ধার করেছে। পরে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
তবে অপহরণের ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়েছে কিনা তা জানাতে পারেননি তিনি।
এদিকে আহত যুবককে উত্তরার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে নিরাপত্তাকর্মীর লাশ।
