২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাসির-হেলালের খালাসের রায় বাতিল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরুদ্দিন ও তার ছেলে মীর হেলালকে খালাস দিয়ে দেয়া হাই কোর্টের রায় বাতিল করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 11:22 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসির ও তার ছেলেকে কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের রায় ফের বহাল হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি আপিল আবেদনের শুনানি করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ উভয়ের খালাসের বিষয়ে হাই কোর্টে পুনঃশুনানির নির্দেশ দিয়েছে।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ২০০৭ সালের ৪ জুলাই মীর নাসিরকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিশেষ আদালত। এই কাজে বাবাকে সহযোগিতা করার দায়ে ছেলে মীর হেলালকে তিন বছনের দণ্ড দেয়া হয়।

পরে ২০১০ সালের অগাস্টে হাই কোর্ট এই পিতা-পুত্রকে খালাস দেয়। ওই রায়ের বিরুদ্ধে পৃথক আপিলের আবেদন করে দুদক।

সেই আবেদন দুটির শুনানির পর এই রায় আসে।

আদেশের পর দুদকের আইনজীবী এমএ আজিজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন নিম্ন আদালতের রায়ই বহাল হলো। এই রায় বাতিল করতে হলে তাদের হাই কোর্টে আবার শুনানি করতে হবে।

এই আদেশ প্রসঙ্গে মীর নাসির সাংবাদিকদের বলেন, “এক/এগারোর সময় দণ্ডিত মোহাম্মদ নাসিমসহ অনেক আওয়ামী লীগ নেতা হাই কোর্ট থেকে খালাস পেলেও দলীয় অনুগত দুদক তাদের বিরুদ্ধে আপিল করেনি।”

তিনি বলেন, “সুপ্রিম কোর্ট আমাদের জামিন বাতিল করেনি। তাই আমরা জামিনেই থাকবো।”

তবে দুদকের আইনজীবী আজিজ খানের মতে, জামিনের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেয়া যাবে না। পূর্ণাঙ্গ রায় পেলে এ বিষয়ে ধারণা পাওয়া যাবে।