২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানিক বৈরাগীর সুচিকিৎসা চাই’

কক্সবাজারের প্রগতিশীল কবি মানিক বৈরাগীর চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 10:21 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার পরিষদের প্রধান উপদেষ্টা কবি সৈয়দ শামসুল হক, উপদেষ্টা মুহম্মদ নূরুল হুদা ও সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।      

বিবৃতিতে তারা উল্লেখ করেন, সম্প্রতি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রকাশিত কয়েকটি পত্রিকা ও অনলাইন মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, কক্সবাজারের প্রগতিশীল কবি মানিক বৈরাগী আত্ম-অবমাননা ও দুর্বিসহতম রোগ-যন্ত্রণার হাত থেকে নিষ্কৃতি লাভের জন্য আগামী ৯ জুলাইয়ের পর যেকোনো সময়ে কক্সবাজার শহরের শহীদ মিনারের বেদীমূলে আত্মাহুতি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিভিন্ন সূত্রে তারা জানতে পেরেছেন, স্বাধীনতা-বিরোধী, সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তির হাতে নির্যাতিত হয়ে বর্তমানে তিনি চরম দুর্দশাগ্রস্ত অবস্থায় পঙ্গু জীবনযাপন করছেন।

উদ্ভূত পরিস্থিতিতে কয়েকমাস আগে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি গভীরতম সহানুভূতি প্রকাশ করেন এবং তার সুচিকিৎসার জন্যে সর্বপ্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন।

কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখনো তার চিকিৎসাকার্য শুরুই হয়নি। এ পরিস্থিতিতে তিনি আত্মাহুতি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আমরা এই সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল প্রগতিশীল মহলকে সম্ভাব্য দ্রুততম সময়ে কবি মানিক বৈরাগীর প্রতি কার্যকর সহযোগিতার হাত প্রসারিত করার আবেদন জানাচ্ছি।

একইসঙ্গে আমরা কবি মানিক বৈরাগীর প্রতি আত্মাহুতি দেওয়ার মতো আত্মধ্বংসী ও নির্মমতম ঘটনা থেকে বিরত থাকার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।