২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে সবুজের হাট

সবে ভোর হচ্ছে; ঘড়ির কাঁটায় তখন বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টা। ঝালকাঠী পৌর শহরের পুরাতন স্টেমিয়ামের পাশে থানার খালে সবুজ চারা বোঝাই অনেক নৌকা। ফলসহ নানা রকমের চারা যেন নদীর জলে সবুজ গালিচার মতো ভেসে রয়েছে।

পলাশ রায়

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 08:20 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

অন্যসব হাটবারের মতোই নানা জাতের চারা নৌকা থেকে নামিয়ে সরু রাস্তার পাশে সারি সারি সাজিয়ে রাখতে ব্যস্ত ব্যবসায়ীরা।

বর্ষা মৌসুম থেকে শুরু করে ঝালকাঠীর এ হাটে পুরো চার মাস চলবে চারার বিকিকিনি।

চারা গোছানোর ফাঁকেই কথা হয় ব্যবসায়ী খোকন মিয়ার সাথে। ওর বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠী গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ওর গ্রামেই তার নার্সারি রয়েছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে ঝালকাঠী শহরে চারার হাটে আসেন। পুরো মৌসুমে কম করে পাঁচ লাখ টাকার চারা বিক্রি করতে পারেন তিনি।

একই উপজেলার কুড়িয়ানা গ্রামের পরেশ রায়ও এসেছেন চারা বেচতে।

তিনি বলেন, “জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস পর্যন্ত চারা বিক্রি হয়। এ চার মাসে ঝালকাঠীর হাটে এক কোটি টাকারও বেশি চারা বিক্রি হয়ে থাকে।”

সপ্তাহের সোম ও বৃহস্পতিবার বসে হাট। এতে বিভিন্ন রকম ফুল ও ফলেরসহ নানা জাতের গাছের  চারা বিক্রি হচ্ছে।

ফলসহ অন্য গাছের চারা ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ফুলের চারা ৫০ থেকে ১০০  টাকায় বিকোচ্ছে।

সব খরচ বাদ দিয়ে প্রতি চারায় ১৫ থেকে ৩০ টাকা লাভ থাকে বলে জানান তিনি।

নৌকা থেকে উঠিয়ে চারা রাস্তার পাশে সারি করতে করতে সকাল ৮টা বেজে যায়। এরমধ্যেই ক্রেতার ভিড় জমে ওঠে।

শহরের পুবের চাঁদকাঠীর যুবক রতন আচার্য্য এসেছেন চারা কিনতে।

রতন বলেন,  দিন দিন দেশি ফলের গাছ হারিয়ে যাচ্ছে। তাই আমলকী, আতা আর শফেদা ফলের চারা কিনতে এসেছি।

প্রতিবছরই বর্ষা মৌসুমে তিনি গাছ কিনে থাকেন বলে জানান।

সদর উপজেলার দিয়াকুল গ্রামের অরেক যুবক কামাল হোসেন বলেন, ২০০৭ সালের সিডরে অসংখ্য গাছ পালা উপড়ে তার ব্যাপক ক্ষতি হয়েছিল।

তখন থেকেই তিনি বর্ষায় গাছ লাগিয়ে থাকেন। চা নাস্তার পয়সা বাঁচিয়ে চারা কেনেন তিনি। ভবিষ্যৎ সঞ্চয়ের আশায় বড় গাছেরর চারাই বেশি করে কিনছেন, বলেন কামাল।

এদিকে ঝালকাঠীর এ সবুজের হাটে  কিছু সমস্যার কথাও জানালেন ব্যবসায়ীরা।

সদর উপজেলার পোষন্ডা গ্রাম থেকে আসা ব্যবসায়ী আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরাতন স্টেডিয়ামের পেছনের সড়কে থানার খালটির পাশেই এ হাট বসে আসছে অনেক বছর ধরে।

“কিন্তু স্থানীয় বাসিন্দারা খালের ওপর নিচু সাঁকো তৈরি করায় জোয়ারের সময় নৌকা নিয়ে আসতে সমস্যায় পড়তে হচ্ছে। রাতে খালে জোয়ার থাকলে ভাটা আসার জন্য নদীতে ২ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়।”

তিনি জানান, প্রতি হাটবারে পৌরসভাকে ৫শ’ টাকা করে খাজনা দিতে হয় একেকজন ব্যবসায়ীকে। হাটে ৩০-৩৫ জন ব্যবসায়ী আসেন গাছের চারা বেচতে।

গাছ ব্যবসায়ীদের সুযোগ সুবিধার ব্যাপারে প্রতি বছরই পৌরসভাকে বলা হলেও কোনো কাজ হয় না।

এ ব্যাপারে ঝালকাঠী পৌর মেয়র আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুব তাড়াতাড়ি পৌরসভার পক্ষ থেকে শহরের সুবিধাজনক স্থানে হাট বসানোর চিন্তা করা হচ্ছে।

“ইতোমধ্যেই খালের ওপর নিচু সাঁকোগুলো সরিয়ে ফেলতে স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দেয়া হয়েছে।”

জেলা শহরের থানার খালের পাশে চারার এই হাটটি সবচেয়ে বড় হলেও জেলার বিভিন্ন স্থানসহ মহাসড়কের পাশেও হাট বসাতে শুরু করেছে।