২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে যুব ফোরামের বিক্ষোভ

খাগড়াছড়ির দীঘিনালায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন করে ভূমি দখল করা হচ্ছে অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখা বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরে এ কর্মসূচির আয়োজন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শাপলা চত্বর ও উপজেলা থেকে পৃথক দুটি বিক্ষোভ মিছিল গিয়ে চেঙ্গী স্কোয়ারে এসে মিলিত হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক জিকু ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা।

রিনা চাকমা দীঘিনালার বাবুছড়ায় পাহাড়ি গ্রামবাসীদের উচ্ছেদ করে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, সরকার সেনা-বিজিবি ক্যাম্প স্থাপনের নামে পাহাড়িদের নিজ বসতভিটা থেকে উচ্ছেদ করে সর্বশান্ত করছে। বাবুছড়া থেকে বিজিবি কর্তৃক উচ্ছেদ হয়ে ২১ পরিবার পাহাড়ি বর্তমানে বাবুছড়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

“পাহাড়িদের উপর কেন এই বৈষম্য ও দমননীতি জারি রাখা হয়েছে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এর জবাব চাই,” বলেন তিনি।

থুইক্যচিং মারমা বলেন, সরকার দীঘিনালায় সাম্প্র্রদায়িক উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেনা-প্রশাসন কর্তৃক সেটলারদের উগ্র সাম্প্রদায়িক সংগঠনকে ব্যবহার করে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্বঘোষিত আজকের (বৃহস্পতিবারের) শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি বানচাল করে দেয়া হয়েছে।

একদিকে পাহাড়িদের উচ্ছেদ, অপরদিকে সাম্প্রদায়িক বিষবাস্প ছড়িয়ে সরকার জনগণের ন্যায্য আন্দোলনকে দমনের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

অংগ্য মারমা বলেন, বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন বাতিল করে বাবুছড়া থেকে বিজিবি সদস্যদের প্রত্যাহার, যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানপূর্বক পাহাড়িদের নিজ নিজ জায়গা ফেরত এবং উগ্র সাম্প্রদায়িক সেটলার সংগঠনগুলোকে উস্কানিদান বন্ধ করতে হবে।

মিথ্যা মামলা প্রত্যাহার করে আটক গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তি ও ধরপাকড় বন্ধ করা এবং ১০ জুন পাহাড়ি নারী-পুরুষের উপর হামলাকারী বিজিবি-পুলিশ ও সেটলারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তিনি।

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিজিবির ব্যাটালিয়ন স্থাপনকে কেন্দ্র করে গত ১০ জুন পাহাড়িদের সঙ্গে পুলিশ ও বাঙালি শ্রমিকদের সংঘর্ষ হয়। এই ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় নারীসহ ৭ জন এখনো কারাগারে আটক রয়েছেন।