মাছ ধরতে গিয়ে ‘কুমিরের পেটে’
সুন্দরবনের খালে মাছ শিকারে যাওয়া বাগেরহাটের এক জেলেকে কুমির নিয়ে গেছে বলে তার ছেলে জানিয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শেলা নদীর কাছে ভাইজোড়া খালে এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীরের ছেলে জাহিদুল শেখ জানান, বুধবার তিনি ও তার বাবা নৌকা নিয়ে মাছ শিকারে যান। বৃহস্পতিবার ভোরে জাহিদকে নৌকায় থাকতে বলে তার বাবা খালে জাল তুলতে নামেন।
কিছুক্ষণ পর জাহিদুল দেখেন একটি কুমির তার বাবাকে ধরে পানির নিচে চলে যায়। এরপর তার তাকে দেখেননি।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবুল কালাম আজাদ জানান, জাহাঙ্গীরের ছেলে জাহিদ পার্শ্ববর্তী বন বিভাগের স্টেশনে খবর দিলে বনকর্মীরা গিয়ে অভিযান চালায়। কিন্তু জাহাঙ্গীরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বন কর্মীদের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
