২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে কোস্টগার্ড-জলদস্যু ‘বন্দুকযুদ্ধ’

বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে কোস্টগার্ড ও জলদস্যু ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ  হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 03:11 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

পাথরঘাটা কোস্টগার্ড ক্যাম্পের স্টেশন কমান্ডার এম আরিফ হোসাইন জানান, বৃহস্পতিবার সকালে পাথারঘাটা থেকে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের টেকদিয়া এলাকায় এ ঘটনার পর তিন জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

আটকরা হলেন, পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চান মিয়ার ছেলে ইয়াসিন আলী, উপজেলার পদ্মা গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন ও একই উপজেলার কোড়ালিয়া গ্রামের আবদুস সালামের ছালামের ছেলে কাওছার হোসেন।

এদের মধ্যে ইয়াসিন ও সুমন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটককৃতদের কাছ থেকে একটি পাইপগান, একটি এয়ারগান, একটি একনলা বন্দুক, একটি কুড়াল ও দুটি দা উদ্ধার করা হয়েছে।

আরিফ হোসাইন বলেন, ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকদিয়া এলাকায় জলদস্যুদের আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় জলদস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালালে দুই জলদস্যু গুলিবিদ্ধ হয়।

এ সময় গুলিবিদ্ধ সুমন ও ইয়াসিন এবং কাওসারকে আটক করা হয়।

পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, এ ব্যাপারে কোস্টগার্ডের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।