২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কনস্টেবল নিজ রাইফেল দিয়ে  মাথায় গুলি ছুঁড়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 12:55 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার খারদার এলাকায় নতুন কোর্টের পাশে তার কার্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। 

নিহত প্রলব সেনের (২১) বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার রাধা মাধবপুর গ্রামে। 

গত বছরের ৫ অক্টোবর প্রশিক্ষণ শেষ করে বাগেরহাটে কাজে যোগ দিয়েছিলেন প্রলব।

পুলিশ সুপার নিজামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রধান ফটকের নিরাপত্তা বক্সে দায়িত্ব ছিল প্রলবের। এসময় সেখানে প্রলব ছাড়া অন্য কেউ থাকেনা।  

“তার ডিউটি শেষ হওয়ার ১৫ মিনিট আগে পৌনে ১০টার দিকে হঠাৎ একটি গুলির শব্দ হয়। অফিসে থাকা অন্যরা গিয়ে দেখে কনস্টেবল প্রলব পড়ে আছেন। তার কপালে গুলির চিহ্ন। নিজের কাছে থাকা চাইনিজ রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।”

পুলিশ কর্মকর্তা নিজামুল বলেন, “দুই-তিন মাস আগে একবার প্রলব হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে চলে যান। পরে এক মাস ২৩ দিন পরে আবার কাজে যোগ দেন। ওই সময় তিনি জানিয়েছিলেন পুলিশের কাজ তার পছন্দ না, কিন্তু পরিবারের চাপে তাকে করতে হচ্ছে।”

পারিবারিক বিরোধের কারণে ওই কনস্টেবল আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন তিনি।