না’গঞ্জ মহিলা কলেজে ভর্তিতে ‘অনিয়ম’
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে অনিয়মের অভিযোগে বিক্ষোভ ও ভাংচুর করেছে ছাত্রীরা।
বুধবার এ ঘটনার সময় অধ্যক্ষের কার্যালয়ও ঘেরাও করে তারা।
ছাত্রীদের অভিযোগ, মেধা তালিকা অনুযায়ী ভর্তির জন্য বোর্ডের নির্দেশ থাকলেও অর্থের বিনিময়ে অনেককে ভর্তি করা হচ্ছে। একটি ছাত্র সংগঠন কলেজ প্রশাসনের সহযোগিতায় এ ভর্তি বাণিজ্য চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভর্তিতে অনিয়মের প্রতিবাদে সকাল ১০টা থেকে ছাত্রীরা মহিলা কলেজে বিক্ষোভ শুরু করে। ঘেরাও করে অধ্যক্ষের কার্যালয়। ইটপাটকেল নিক্ষেপ করে কলেজের মূল ফটকে। এক পর্যায়ে ছাত্রীরা কলেজে ভাংচুর চালায়।
হামলা চালায় ক্যাম্পাসের ভেতরে ভর্তির প্রচারণা চালানোর জন্য নারায়ণগঞ্জ কমার্স কলেজ নামে একটি প্রাইভেট কলেজের গড়ে তোলা কাউন্টারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সাহা রাজনৈতিক ও প্রশাসনিক চাপে মেধা তালিকার বাইরে কিছু ছাত্রীকে ভর্তির কথা স্বীকার করলেও অর্থের বিনিময়ে ভর্তির অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক ও চাপে বাধ্য হয়ে কিছু ছাত্রী ভর্তি করা হয়েছে মেধা তালিকার বাইরে থেকে।
“অর্থের বিনিময়ে কাউকে ভর্তি করা হয়নি। তবে ভর্তি নিয়ে আমি নিজেও হুমকির মুখে রয়েছি।”
মঙ্গলবার টেলিফোনে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কলেজটিতে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান-এই তিন বিভাগ মিলিয়ে দুই হাজার ৪৫০টি আসন রয়েছে। আবেদন করেছে চার হাজার ২৫৫ জন ছাত্রী।
মেধা তালিকা অনুযায়ী মানবিক বিভাগে জিপিএ তিন, বিজ্ঞান বিভাগে চার দশমিক ৫৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে চার প্রাপ্তদের ভর্তি হওয়ার কথা।
কিন্তু ছাত্রীদের অভিযোগ, এর চেয়ে কম পয়েন্ট প্রাপ্তরা ভর্তি হলেও বেশি পয়েন্টধারী অনেককেই ভর্তি করা হচ্ছে না। অর্থের বিনিময়ে মেধাতালিকার বাইরে থেকে ভর্তি করার ফলে বঞ্চিত হচ্ছে অনেক যোগ্য ও মেধাবী ছাত্রীরা।
ভর্তিচ্ছুক শিক্ষার্থী শিরিন শারমিন বলেন, “বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাঁচ পাওয়ার পরও ভর্তির সুযোগ পাইনি। অথচ আমার চেয়ে অনেক কম পয়েন্ট পাওয়া ছাত্রীরাও ভর্তি হয়েছে।”
মারুফা নামে এক শিক্ষার্থীর অভিযোগ, তোলারাম কলেজের এক ছাত্রলীগ নেতা তাদের সাত বান্ধবীর প্রত্যেকের থেকে সাড়ে সাত হাজার টাকা অতিরিক্ত দাবি করেছে।
