পাল্টাপাল্টি কর্মসূচিতে দীঘিনালায় ১৪৪ ধারা জারি
বিজিবি ব্যাটালিয়ান স্থাপনকে কেন্দ্র করে একইস্থানে দুটি সংগঠন মানববন্ধন কর্মসূচি দেয়ায় বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. মাসুদ করিম জানান, বিজিবি ব্যাটেলিয়ন স্থাপন নিয়ে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি ও বাঙালি ছাত্র পরিষদ বৃহস্পতিবার বাবুছড়া বাজারে একই সময়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে বৃহস্পতিবার সকালে ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন)’ একটি প্রতিনিধি দল বিজিবি ব্যাটালিয়নের প্রস্তাবিত এলাকা সরেজমিনে পরিদর্শনের কথা রয়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, প্রতিনিধি দলটিতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক স্বপন আদনান, মানবাধিকার নেত্রী খুশী কবির এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান থাকবেন।
গত ১০ জুন দীঘিনালার বাবুছড়ায় বিজিবির ব্যাটালিয়ন স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়িদের সঙ্গে পুলিশ ও বাঙালি শ্রমিকদের সংঘর্ষে অন্তত ২০ জন নারী আহত হন।
