‘দোয়া করবেন, রায়টা যেন পক্ষে আসে’
ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণের রায় পক্ষে আসার আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, এতে বিশাল জলরাশির অধিকার নিজেদের দখলে এলে বাংলাদেশ মৎস্য খাতে বেশ সাফল্য পাবে।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে যে সমস্যা ছিল সেটা সমাধান করে এক লাখ ১১ হাজার ৬৩১ বর্গকিলোমিটার জায়গায় বাংলাদেশের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছি।
“আর ভারতের সঙ্গে যে সমস্যাটা ছিল সেটারও মামলার রায় এক সপ্তাহের মধ্যেই আমরা পাব। আমি সবাইকে এটুকু বলব যে দোয়া করবেন, রায়টা যেন বাংলাদেশের পক্ষে আসে।”
চলতি সপ্তাহে ভারত-বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণের রায় হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী বক্তৃতায় দেশে মছের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বৃদ্ধি করে রপ্তানি আয় বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান।
তিনি বলেন, “চিংড়ি রপ্তানি করে বছরে ৫০ কোটি ডলার আয় করা হয়। এই রপ্তানি বাড়াতে চায় এবং ভ্যালু অ্যাডেড করতে চায়। শুধু কাঁচা চিংড়ি নয়, চিংড়িটাকে প্রসেস করে রপ্তানি করা। শুধু চিংড়ি না, অন্যান্য মাছ যেমন মিষ্টি পানির মাছের চাহিদা বিশ্বব্যাপী আছে।
আমি মৎস্য মন্ত্রণালয়কে বলবো, এই মিষ্টি পানির মাছ উৎপাদন এবং সেটাকে প্রক্রিয়াজাতকরণের ব্যাপারে উদ্যোগ নেয়া দরকার।”
শেখ হাসিনা জানান, মৎস্য চাষ ও প্রক্রিয়াজতকরণ বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে এসএমই ফাউন্ডেশনসহ বিভিন্নভাবে মৎস্য খাতে উদ্যোক্তাদের সহায়তায় কাজ করছে তার সরকার।
মৎস্য চাষ বাড়িয়ে রপ্তানি করে শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য পুষ্টি বাড়ানোও তার সরকারের লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা।
তবে মৎস্য চাষ বাড়ানোর জন্য দেশের পতিত পুকুর ও জলাশয়কে ব্যবহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এ দেশে এত পুকুর, নদী, নালা, খাল, বিল। এখানে মাছ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করেই আমরা কিন্তু অনেক অর্থ উপার্জন করতে পারি। সেক্ষেত্রে মানুষকে আরো উৎসাহিত করতে হবে।”
শেখ হাসিনা বলেন, তার সরকারের নানা পদক্ষেপের ফলে গত পাঁচ বছরে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে ৩৪ লাখ ১০ হাজার টনে পৌঁছেছে। মাথাপিছু আমিষ গ্রহণের পরিমাণ ৪৫ গ্রাম থেকে ৫২ গ্রামে উন্নীত হয়েছে।
“জিডিপির প্রায় সাড়ে ৬ শতাংশ আসে এই মৎস্য খাত থেকে এবং প্রাণিজ আমিষের প্রায় ৬০ ভাগ জোগান দেয় এই খাত। গ্রামীণ ও নিম্নআয়ের জনগণের প্রাণিজ অমিষের প্রধান উৎস এই মাছ।”
