২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোটাস অর্থ গোবরে পদ্মফুল’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির দায়িত্ব নেয়া পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে তাকে ‘গোবরে পদ্মফুল’ বলেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 09:26 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকী বলেন, “তাকে (পরিকল্পনামন্ত্রী) অনেকে লোটাস কামাল বলে ডাকেন। এই লোটাস শব্দটি কিভাবে এল?

“আমি এভাবে বলে থাকি, তার স্কুলজীবনে শিক্ষার প্রতি অনুরাগ এবং জ্ঞানের প্রতি তার আগ্রহের কারণে শিক্ষকরা তাকে লোটাস নাম দিয়েছিলেন, যার অর্থ গোবরে পদ্মফুল।”

গত ২৬ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির বার্ষিক সভায় মুস্তফা কামালকে সভাপতির দায়িত্ব দেয়া হয়।

সংসদে লতিফ সিদ্দিকী বলেন, “পোড়ার দেশের কপালে তো কিছু হয় না। ২৬ জুন একটি বিশাল অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে এই অর্জন হয়েছে।”

এ সময় মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণেরও দাবি জানান ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।