নিখোঁজের ৮ দিন পর উদ্ধার বিএনপি নেতা
নিখোঁজের আট দিন পর নাটোরের এক বিএনপি নেতাকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নাটোর সদর সার্কেলের এএসপি রফিকুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে সিরাজগঞ্জের কড্ডার মোড়ের একটি হোটেল থেকে অচেতন অবস্থায় নাজমুল কবীরকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নাজমুল কবীর নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। নাটোর শহরে একটি বাস কাউন্টারে টিকেট মাস্টারের কাজ করেন।
নিখোঁজের পরদিন নাটোর সদর থানায় তার স্ত্রী আনছুরা বেগম একটি মামলা করেন।
মামলার বরাত দিয়ে এএসপি রফিকুল আরো জানান, নাজমুল গত ২২ জুন দুপুরে চিকিৎসার জন্য বগুড়ায় যাওয়ার পথে নিখোঁজ হন। পরদিন একটি মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে প্রথমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সর্বশেষ পাঁচ লাখ টাকায় ছেড়ে দেওয়ার আশ্বাস দেয় অপহরণকারীরা।
অপহরণকারীদের কথামতো পুলিশ টাকাসহ তার পরিবারের সদস্যদের নিয়ে বগুড়া ও গাইবান্ধার বিভিন্ন স্থানে তাকে উদ্ধারের চেষ্টা চালালে অপহরণকারীদের পাওয়া যায়নি।
এরপর সোমবার রাত সাড়ে ১১টায় সিরাগঞ্জের কড্ডার মোড় এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। রাতেই উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় নাজমুল কবীরকে।
এদিকে নাজমুল অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি জানিয়ে এএসপি রফিকুল ইসলাম বলেন, তিনি সুস্থ হলে অপহরণ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
