‘গৃহকর্মীদের অধিকার রক্ষায় কেন আইন নয়’
গৃহকর্মীদের অধিকার রক্ষায় আইন প্রণয়নে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ এই আদেশ দেয়।
আদেশ পাওয়ার চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব, শ্রম সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহকর্মীদের অধিকার রক্ষায় বাংলাদেশে কোনো আইন নেই। শ্রম আইনের সংজ্ঞায়ও তাদেরকে অন্তর্ভূক্ত করা হয়নি। এ কারণে তারা পেশাগত অধিকারের ক্ষেত্রে সাংবিধানিক ও আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
“রিটে আমরা আইন প্রণয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা বলেছি। এখন মন্ত্রণালয় চাইলে শ্রম আইনে তাদেরকে (গৃহকর্মী) অন্তর্ভূক্ত করতে পারে। আবার নতুন আইনও করতে পারে। উদ্দেশ্য বাস্তবায়ন হলেই হলো।”
