২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ বোনাসের দাবিতে শ্রীপুরে শ্রমিক অসন্তোষ

মূল বেতনের সমান ঈদ বোনাস, অর্জিত ছুটির পাওনা টাকা ও হাজিরা বোনাসের দাবিতে গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 11:29 AM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার সকালে উপজেলার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল মিলস লিমিটেডের কয়েক হাজার শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করলে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. কবির হোসেন জানান, মূল বেতনের সমান ঈদ বোনাস ও অর্জিত ছুটির পাওনা টাকার দাবিতে সকাল ৮টার দিকে কারখানার প্রায় সাড়ে চার হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করে। পরে দাবি বিবেচনার আশ্বাস দিয়ে মঙ্গলবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানার শ্রমিক জাকির হোসেন জানান, গত দুই বছর ধরে অর্জিত ছুটি অথবা ছুটির বিপরীতে টাকা ও হাজিরা বোনাসের দাবি করা হচ্ছে। আর চাকরির বয়স তিন মাস হলেই ঈদ বোনাস দেয়ার দাবি জানানো হচ্ছে। কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. শাহ কামাল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে শ্রমিকদের অর্জিত ছুটি তিন মাস ধরে হাজিরা বোনাস দেয়া হচ্ছে। শ্রমিকরা পূর্ববর্তী সময়ের অর্জিত ও হাজিরা বোনাসকে বকেয়া হিসেবে উল্লেখ করে তা পরিশোধের দাবি জানাচ্ছে। শ্রমিকদেরকে তিন হাজার টাকা করে ঈদ বোনাস দেয়া হয় দাবি করে তিনি বলেন, “মূল বেতনের সমান ঈদ বোনাস দেয়ার বিষয়টি দেখা হচ্ছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।”