২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপনে আইন

সামুদ্রিক সম্পদ আহরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে একটি গবেষণা ইনস্টিটিউট স্থাপনে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 06:03 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে ‘ন্যাশনাল ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৪’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

মোশাররাফ হোসাইন বলেন, “একজন মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠানকে দিক-নির্দেশনা দিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি বোর্ড থাকবে। ১৮ সদস্যর পরিচালনা বোর্ডে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা থাকবেন।”

প্রস্তাবিত আইনে ২১টি ধারা আছে। অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতো এটিও একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা সংক্রান্ত তিনটি আইন উপস্থাপন করা হয় সোমবারে মন্ত্রিসভা বৈঠকে। তবে তিনটি আইন সমন্বিত করে একটি আইন করে তা উপস্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সামরিক শাসনামলের তিনটি অর্ডিন্যান্স আইনে পরিবর্তন করতে এ উদ্যোগ নেয়া হয়, এবং তা বাংলায় অনুবাদ করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।”

‘সরকারি কর্মচারী (বিশেষ বিধানাবলি) আইন, ২০১৪’, সরকারি কর্মচারী (সাজা প্রাপ্তিতে বরখাস্ত)আইন,২০১৪’, সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) আইন,২০১৪’-এ তিনটি আইন উপস্থাপন করা হলে তা সমন্বিত করে উপস্থাপন করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।