সাত খুন: ২০ অগাস্ট প্রতিবেদন দেয়ার নির্দেশ
নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২০ অগাস্ট জমা দিতে বলেছে আদালত।
সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এএইচএম শফিকুল ইসলাম এ নির্দেশ দেন।
সাতখুনের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়া র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ মামলার ১৩ আসামিকে এদিন কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে হত্যার মামলায় র্যাব কর্মকর্তাদের গ্রেপ্তার দেখানোয় তাদের ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেন বিচারক।
শুনানি শেষে আসামিদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মামলার ধার্য তারিখে তাদের (আসামিদের) আদালতে হাজির করা হয়েছিল। আগামী ২০ অগাস্ট তাদের ফের আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
ওই দিনই তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২৩ জুন আসামিদের নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়েছিল।
সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত আরিফ গত ৪ জুন, রানা ৫ জুন ও তারেক ১৮ জুন সাতখুনে নিজেদের ‘দোষ স্বীকার’ করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
স্বীকারোক্তির পর প্রথমে তাদের নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়। পরে সাবেক তিন র্যাব কর্মকর্তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
চাঞ্চল্যকর এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেনের সঙ্গে র্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক তারেক সাঈদসহ ওই তিন কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
নিহত কাউন্সিলরের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে র্যাব সদস্যরা ওই সাতজনকে হত্যা করেছেন।
নজরুলের স্ত্রী সেলিনা হায়াত বিউটির দায়ের করা মামলার প্রধান আসামি নূর হোসেন কয়েকদিন আগে কলকাতায় গ্রেপ্তার হয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
অভিযোগ ওঠার পর ওই তিন কর্মকর্তাকে র্যাব থেকে প্রত্যাহার করা হয়। পরে তারেক ও আরিফকে সেনাবাহিনী এবং রানাকে নৌবাহিনী থেকে অবসরে পাঠানো হয়।
হাই কোর্টের নির্দেশে গত ১৬ মে তারেক ও আরিফকে এবং তার দুদিন পর রানাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।
এরপর কয়েক দফায় জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডে নিজেদের ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দেন তারা।
