কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আক্তার হোসেন জানান, রোববার রাত ২টার দিকে চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন গাজী (৩৫) ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।
তিনি চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন দলটির মিরপুর উপজেলা সভাপতি আবদুল হালিম।
এ হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন হিসেবে স্থানীয় ইউপি সদস্য জিহাদ আলীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিদর্শক আক্তার বলেন, রোববার রাতে নিজ বাড়িতে স্ত্রী ও দুই শিশু সন্তানসহ ঘুমিয়ে ছিলেন মামুন গাজী। অসমাপ্ত বাড়ির খোলা জানালা দিয়ে দুর্বৃত্তরা ওই ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সোমবার সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
