২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানকর্মীদের বিক্ষোভ, এমডি অবরুদ্ধ

‘আধুনিক ও বাস্তবসম্মত’ অর্গানোগ্রাম তৈরিসহ ১৪ দফা দাবি আদায়ে আগামী ৩ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছেন সরকারি এই প্রতিষ্ঠানের কর্মীরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 12:48 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

সোমবার বিমানের কুর্মিটোলা সদর দপ্তরে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কার্যালয়ের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে এই ঘোষণা দেন বিমানের সিবিএ সভাপতি মশিকুর রহমান।

বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিমানকর্মীদের বিক্ষোভের মুখে নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন এমডি ক্যাপ্টেন এ এম মোসাদ্দেক আহমেদ।

সেখানে এক সমাবেশে সিবিএ নেতা মশিকুর বলেন, “আমাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষ বিভিন্ন সময় অঙ্গীকার করলেও তা কখনই পূরণ করে না। আলোচনা শুরু হয়, কিছুদূর এগোলেও কোনোদিনই তা বাস্তবায়িত হয় না।

“গত বছর আমরা একই দাবিতে আন্দোলন করেছি। সে সময় আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো দাবিই তারা মেনে নেয়নি।”

গত বছর জানুয়ারির শেষ সপ্তাহে ছয় দফা দাবিতে বিমানের তৎকালীন ভারপ্রাপ্ত এমডি মোসাদ্দেক আহমেদকে অবরুদ্ধ করে রেখেছিলেন বিমান কর্মীরা।

দাবি পূরণ না হওয়ায় পরবর্তীতে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বন্ধ করে দিয়ে কার্যত দেশের প্রধান বিমানবন্দর শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আট ঘন্টার জন্য অচল করে দেয়া হয়।

পরে তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও বিমানমন্ত্রী ফারুক খানের মধ্যস্থতায় অবরোধ তুলে নেন কর্মীরা। 

সোমবার অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার পর মোসাদ্দেক আহমেদ বলেন, “এটা আসলে ১৪ দফা দাবি নয়, মূল দাবি হচ্ছে ৬ দফা। এর একটি হলো অরগানোগ্রাম করা, আরেকটি হচ্ছে অস্থায়ীদের স্থায়ী নিয়োগ। আমরা তাদের বলেছি, এ দুটো বিষয়ে আমরা এখনো সিদ্ধান্তে আসতে পারিনি।

বাকি দাবিগুলো গত বোর্ড সভায় উঠলেও ‘সময়ের অভাবে’ সেগুলো নিয়ে আলোচনা হয়নি বলে এমডি জানান।

আগামী ৫ জুলাই বোর্ডসভায় তা আবার তোলা হবে জানিয়ে ক্যাপ্টেন মোসাদ্দেক বলেন, “কী সিদ্ধান্ত হবে, তা আমি জানি না। বোর্ড যা সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত।”

কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে, গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে দক্ষ জনবল নিয়োগ, কর্মচারীদের বেতনের পাশাপাশি পার্সোনাল পে-এর ব্যবস্থা, চিকিৎসার জন্য বেতনের ২৫ ভাগ টাকা কেটে রাখার নিয়ম বাতিল করে শতভাগ বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত, ৫ বছরের বেশি বিমানে অস্থায়ী পদে কর্মরতদের স্থায়ী নিয়োগ, মহার্ঘ্য ভাতা ১ জুলাই থেকে কার্যকর করা ইত্যাদি।