নীলফামারীতে বিপদসীমার ওপরে তিস্তার পানি
ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মৃতপ্রায় তিস্তা নদীতে পানির ঢল নেমেছে।
রোববার গভীর রাত থেকে বাড়তে থাকা পানি সোমবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
তবে সকাল ৯টায় আট সেন্টিমিটার কমে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ভারী বর্ষণ আর পাহাড়ী ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না।
এদিকে তিস্তায় পানি বেড়ে যাওয়ায় নদীসংলগ্ন ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশপুকুর গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
৫ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী জানান, রোববার রাত ১টার দিকে নদীর বাড়তে থাকে। সোমবার ভোর ৪টার দিকে পশ্চিম বাইশপুকুর গ্রামে পানি প্রবেশ করে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের ৪০টি পরিবারের ঘরবাড়ি, গ্রামের রাস্তাঘাট কোমড় সমান পানিতে তলিয়ে যায় বলে জানান তিনি।
তবে পানি দ্রুত নেমে যাবে বলে জানিয়েছেন এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক।
এছাড়া ডিমলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, জলঢাকা উপজেলার শৌলমারি ও ডাউয়াবাড়ি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম হাটুপানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।
