টাকা নিয়ে হত্যার অভিযোগ, পুলিশের অস্বীকার
মতিঝিলে সন্দেহভাজন ছিনতাইকারীদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুজনের পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়ে পুলিশ তাদের হত্যা করেছে।
‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত
তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, ‘তালিকাভুক্ত ওই সন্ত্রাসীরা’ গভীর রাতে মোটরসাইকেল আরোহী ছয় ছিনতাইকারীর সঙ্গে পুলিশ সদস্যদের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
শনিবার গভীর রাতে ওই ঘটনায় নিহত জাকির হোসেন আকমল (৩৫) ও মো. রমজান আলী জাবেদের (৩০) স্বজনরা বলছেন, তারা দুজনই সায়েদাবাদের পরিবহন ব্যবসায়ী। ওই ব্যবসা ঘিরে দ্বন্দ্ব থাকা একটি গোষ্ঠী গোয়েন্দা পুলিশকে টাকা দিয়ে তাদের হত্যা করিয়েছে।
আকমলের স্ত্রী সাবিনা ইয়াসমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালে। ডেমরায় বাসা ভাড়া নিয়ে থাকেন তারা। আট বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে।
পুলিশের বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ এনে তিনি বলেন, “আমার স্বামীর কোনো অস্ত্র ছিল না। সে কিভাবে কাউকে গুলি করবে? তিনি সায়েদাবাদে পরিবহন ব্যবসা করতেন। তার শত্রুরা পুলিশকে টাকা দিয়ে তাকে হত্যা করিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।”
আকমলের ছয় বছরের ছেলে তৌসিফ আহমেদ তামিম বলেন, “আব্বু সকালে আমাকে স্কুলে দিতে গিয়ে বলেছিল, তাড়াতাড়ি বাসায় চলে আসবে। সারারাত অপেক্ষার পরও দেখলাম আব্বু বাসায় আসেনি। সকালে ঢাকা মেডিকেলে এসে শুনি- আমার আব্বু আর বেঁচে নেই।”
সায়েদাবাদের বাসিন্দা রমজানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।
তার স্ত্রী নুসরাত জাহান ঝর্ণা বলেন, “রমজান ভারত থেকে মোটরসাইকেলের পার্টস এনে বিক্রি করতো। পাশাপাশি সায়েদাবাদে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার চেষ্টাও করছিল। তবে তার কোনো দোকান ছিল না।”
শনিবার মাগরিবের আজানের পর স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “তখন ও বলেছিল, আমি কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসছি। এরপর হাসপাতালে এসে তার লাশ পেলাম।”
রমজান ও আকমলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে আসেন সাইফুল ইসলাম খোকন নামের এক ব্যক্তি, যিনি নিজেকে সায়েদাবাদ এলাকার রেন্ট এ কারের ব্যবসায়ী পরিচয় দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওরা কয়েক মাস ধরে সায়েদাবাদে পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করছিল। তবে কোন পরিবহনে কি ধরনের ব্যবসা তারা করতে চেয়েছিল আমি জানি না। ওরা কোন অপরাধে জড়িত তা কখনোই শুনি নাই।”
সায়েদাবাদের পরিবহন শ্রমিকদের একাংশের নেতা ‘ব্লেড খোকনের’ সঙ্গে তাদের বিরোধ ছিল বলে জানান সাইফুল।
তিনি বলেন, “যতদূর জানি তাদের সঙ্গে ব্লেড খোকনের দ্বন্ধ ছিল। সায়েদাবাদ এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যেসব শ্রমিক জড়িত, তাদের একটি অংশের নেতা এই ব্লেড খোকন।
“এলাকা নিয়ন্ত্রণ করতে গিয়ে তার সঙ্গে পুলিশ আর গোয়েন্দাদের সুসম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন কাউন্টার আর পরিবহনে শ্রমিকের চাকরি দিতে ভূমিকা রাখে খোকন। এজন্য অনেকে তার কাছের লোক হয়ে উঠেছে। ব্লেড খোকনই ডিবিকে টাকা দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এলাকার অনেকে বলাবলি করছে।”
নিহতরা শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়ে সাইফুল বলেন, “সায়েদাবাদ থেকে দাউদকান্দি, হোমনা ও গজারিয়া রুটে চলাচলকারী বাসগুলো ব্লেড খোকন, খায়ের, জাকির, রমজান নিয়ন্ত্রণ করতো। কয়েক মাস আগে রমজান, মোস্তফা ও আলী আধিপত্য নিয়ে ব্লেড খোকনদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।”
প্রতিদিন সায়েদাবাদ থেকে অন্তত চারশ’ গাড়ি কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যায় জানিয়ে তিনি বলেন, “শ্রমিকদের কথা বলে প্রতিদিন সেখানে অর্ধ লক্ষ টাকার চাঁদা উঠতো, যা শ্রমিক ফেডারেশন, ইউনিয়নের নেতা ও থানা পুলিশ পায়। বেঁচে যাওয়া টাকাগুলো পরিবহন নেতারা ভাগ করে নেয়। মূলত এই বিরোধের জের ধরেই ব্লেড খোকন পুলিশকে ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে এলাকায় বলাবলি হচ্ছে।”
তবে অভিযোগ অস্বীকার করে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতরা কোন রাজনৈতিক দলের সদস্য নয়। তারা তালিকাভুক্ত সন্ত্রাসী।
আকমলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় খুন, ডাকাতি, ছিনতাইসহ ১৮টি এবং রমজানের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “শনিবার রাত আড়াইটায় মতিঝিল টিএন্ডটি কলোনির সামনে দুই মোটরসাইকেলে করে ছয়জন লোক পুলিশকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও এসময় আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালালে তাদের দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশের কারো গুলি লাগেনি।”
ঘটনাস্থল খেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি মোটরসাইকেল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে পুলিশ কর্মকর্তারা জানান।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতদের অজ্ঞাত পরিচয় দেখানোর কারণ জানতে চাইলে গোয়েন্দা কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “ঘটনায় সময় আমরা তাদের পরিচয় জানতাম না তাই।”
সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, আকমলের পিঠে, মুখে ও কানে পাঁচটি এবং রমজানের বুকে, কানে ও গালে ১০টি গুলি লেগেছে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ মতিঝিল থানায় বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর হামলা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে।
