দিনাজপুরে পুলিশকে গুলি, পথচারী আহত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক পথচারী আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় এই ঘটনায় আহত লোকমান হোসেনকে (২২) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে পিস্তলসহ দুই যুবককে আটক করেছে।
পার্বতীপুর মডেল থানার ওসি নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই সন্ত্রাসী ফুলবাড়ী উপজেলা থেকে একটি মোটরসাইকেল নিয়ে দেবীগঞ্জ যাচ্ছিল।
পার্বতীপুর কয়লা খনি মোড়ে কর্তব্যরত পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশের গোয়েন্দা পরিচয় দিলে পুলিশ পরিচয়পত্র চায়। এ সময় তারা পালানোর চেষ্টা করে।
পুলিশ তাদের ধরে ফেললে যুবকদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায় তারা পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লে পথচারী হামিদপুর ইউপির ইসবপুর গ্রামের লোকমান গুলি বিদ্ধ হন।
এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে দুই সন্ত্রসীকে আটক করে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, বিদেশি পিস্তল দুটির মধ্যে একটির ম্যাগজিনে এক রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা পাওয়া গেছে।
