কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়ায় টিআইবির উদ্বেগ
আবাসন খাতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা বৈধ করার সুযোগ দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এই বিধান বাতিলেরও আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “কালো টাকা সাদা করার অনৈতিক বিধান অব্যাহত থাকায় সরকারের নীতিকাঠামো দুর্নীতির হাতে জিম্মি হয়ে পড়েছে বলে স্পষ্টভাবে প্রতীয়মান হয়।”
আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগসহ কয়েকটি সংশোধনী এনে শনিবার জাতীয় সংসদে অর্থবিল-২০১৪ পাস হয়। রোববার পাস হয়েছে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট।
কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রাখাকে ‘হতাশাব্যঞ্জক’ ও ‘বিব্রতকর’ বলেও দাবি করেছে এই দুর্নীতিবিরোধী সংস্থাটি।
টিআইবির দাবি, কালো টাকা সাদা করার সুযোগ দেয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও সরকার ঘোষিত ‘দুর্নীতির বিরুদ্ধে আপোসহীন মনোভাব’ পরিপন্থী।
“পরস্পরবিরোধী এই অবস্থানের ফলে দেশে দুর্নীতিকে পুরস্কৃত করা ও প্রাতিষ্ঠানিকীকরণের দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।”
কালো টাকা বৈধ করার সুযোগ রাজস্ব আদায় ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কখনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি বলেও বিবৃতিতে দাবি করা হয়।
