২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্কুলছাত্র হত্যায় আটক ২

সাভারের কর্ণপাড়ায় এক স্কুলছাত্র হত্যার ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 03:20 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দিপক কুমার সাহা জানান, সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আতাউর রহমান (১৫) হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার দুজনের বয়স আঠারো বছরের নিচে হওয়ায় তাদের নাম পরিচয় প্রকাশ করা হলো না।

গত শুক্রবার দুপুরে চার যুবক কর্ণপাড়ার বাসা থেকে ফুটবল খেলতে আতাউর ডেকে নেয়ার পর নিখোঁজ হয় সে। এরপর শনিবার দুপুরে কর্ণপাড়া খালের কালিনগর ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরিদর্শক (তদন্ত) দিপক কুমার জানান, এ ঘটনায় শনিবার রাতে নিহতের বাবা আবুল হোসেন সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ওই রাতেই সাভার পৌর এলাকার কাতলাপুর ও কর্ণপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ১৮ স্কুল শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

আটকদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে সন্দেহ হওয়ায় দুজনকে আটক দেখানো হয়েছে।

বাকিদের রোববার সকালে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আতাউরকে হত্যার অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তার দুই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আতাউর আমাদের খেলার বন্ধু। ঘটনার দিন আমরাও খেলা দেখতে গিয়েছিলাম। তাকে খেলার মাঠে রেখেই আমরা চলে আসি।”