২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দম্পতি আটক

রাজধানীর গুলশানে দুই নম্বর থেকে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 01:39 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবারের ওই ঘটনায় গ্রেপ্তাররা হলেন- নাজমুল হোসেন(৩২) ও রুবি আক্তার(২৯)।

তারা গুলশান দুই এর কালাচাঁদপুর এলাকার ৪২/৫/সি নম্বর বাড়ির বাসিন্দা।  নাজমুল কালাচাঁদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রুবি গৃহিনী।

গুলশান থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ মেয়েটির ওপর নির্যাতনের সময় শনিবার সকালে মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়।

“পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় তাকে উদ্ধার করেছে। তাকে শারীরিক ‌নির্যাতন করায় বাড়ির গৃহকর্তা ও কর্ত্রীকেও আটক করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গৃহকর্মীর নাম চুমকি (১০)। তার বাড়ি ফেনীর সোনাগাজী থানার উত্তরমঙ্গলকান্দি গ্রামে। কয়েক মাস আগে সে এই বাড়িতে কাজ নেয়।

চুমকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার পর রাতে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়।

এসআই দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওসি স্যারের নির্দেশে ওকে থানায় নিয়ে যাচ্ছি। এরপর সিদ্ধান্ত নেবো ওকে কোথায় নিয়ে যাবো।”

গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ঘটনার  সত্যতা স্বীকার করে বলেন, “অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।”