২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমতলের ‘আদিবাসীদের’ জন্য ভূমি কমিশন ও মন্ত্রণালয় দাবি

সমতলের ‘আদিবাসীদের’ জন্য আলাদা করে কার্যকর ভূমি কমিশন ও মন্ত্রণালয়ের দাবি করেছেন ঢাকায় এক সেমিনারের বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 01:20 AM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে উপস্থপিত একটি প্রতিবেদনে ভূমি কমিশন গঠনের এই দাবি জানানো হয়, যাকে সমর্থন করে অন্য বক্তারাও বক্তব্য দেন।

এর বাইরে অধ্যাপক মেজবাহ কামাল সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় করার দাবি করেন। অন্য আলোচক অধ্যাপক সাদেকা হালিম পাবর্ত্য চটগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে ‘আদিবাসী মন্ত্রণালয়’ করা যান কি না- তা ভেবে দেখতে বলেন।

সেমিনারের আলোচনা পর্বে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, “পার্বত্য চট্টগ্রামেও একটা ভূমি কমিশন রয়েছে। তার মতো একটা ভূমি কমিশন নিশ্চয়ই আমি চাই না। এমন কমিশন চাই যেটি আদিবাসীদের ভূমির অধিকার রক্ষায় ভূমিকা রাখবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, “আদিবাসীদের ভূমি সমস্যার প্রাণকেন্দ্রে বাংলাদেশের সংবিধানের একটি ধারা। যেখানে ব্যক্তিগত রাষ্ট্রীয় ও কো-অপারেটিভ মালিকানাকে স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু কালেক্টিভ মালিকানার বিষয়ে কিছু বলা হয়নি।

“প্রথমেও এ রকমই ছিলো। ১৫টি সংশোধনীর পরও এখনো সে রকমই আছে। বাংলাদেশে সিএলও হচ্ছে, যেখানে ভূমি সংক্রান্ত সকল তথ্য কম্পিউটাইজড হয়ে যাবে। তখন গতানুগতিক কাগজপত্র ছাড়া সব ভূমি খাস হয়ে যাবে।”

তিনি বলেন, “সমতলের আদিবাসীদের অধিকাংশ জমি ছিলো কালেক্টিভ। জমিদারি প্রথা উচ্ছেদের পর সেগুলো জমিনদারি খাস হয়ে যায়। এখনো অনেক এলাকায় আদিবাসীরা থাকছেন, চাষ করছে এমন জমিকে সরকার খাস হিসাবে চিহ্নিত করেছে।”

“সমতলের আদিবাসীদের অধিকার রক্ষায় ভূমি কমিশন করেন আর যাই করেন, তাদের প্রথাগত মালিকানাকে স্বীকৃতি দিতে হবে। অন্যত্থায় কোনো প্রতিকার পাওয়া যাবে না, ” বলেন তিনি।

অনুষ্ঠানে ‘আদিবাসীদের’ বর্তমান অবস্থার বিবরণ দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি করেন আবুল মকসুদ।

‘সমতলের আদিবাসীদের ভূমি অধিকার, সমস্যা ও বঞ্চনা’ শীর্ষক ওই সেমিনারে গবেষক আবুল হোসেন একটি অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করেন।

‘সমতল ভূমিতে বসবাসকারী আদিবাসীদের ভূমির অধিকার ও সমস্যা’ শিরোনামের ওই প্রতিবেদন তৈরিতে আবুল হোসেনের সঙ্গে ছিলেন পরাগ রিছিল।

সেমিনারের আয়োজক অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ওই প্রতিবেদন তৈরিতেও সহায়তা দেয়। সেমিনারে সভাপতিত্ব করেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা।

প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহ ও টাঙ্গাইল এলাকায় আদিবাসী নেতারা তদন্ত না করেই অ-আদিবাসীদর নিকট জমি বিক্রির অনুমতি দিয়ে দেয়। দুর্বল নেতৃত্ব এখানে দায়ী। প্রথাগত আইনের স্বীকৃতি না থাকা এবং গারো মেয়েদের সঙ্গে অ-আদিবাসীদের বিয়ের ফলেও অনেক জমি বেহাত হয়ে যাচ্ছে।

এতে দাবি করা হয়, মধুপুরে আদিবাসীদের অনেক জমি অর্পিত সম্পত্তি হয়ে গেছে। সেখানে ইকোপার্ক নিয়েও বিপুল সংখ্যক আদিবাসীদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক রয়েছে। তা ছাড়া ওই পার্ককে কেন্দ্র করে বিপুল সংখ্যক আদিবাসীদের নামে মামলাও দেয়া হয়েছে।

“দিনাজপুর-রাজশাহী অঞ্চলে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত মামলার চক্রে ঘুরছে বিপুল সংখ্যক আদিবাসী। আইনী মারপ্যাচে অনেকে ভূমি হারিয়েছেন। মামলা চালাতে গিয়েও অনেকে নিঃস্ব হয়ে গেছেন।”

এতে অভিযোগ করা হয়, স্থানীয় প্রভাবশালীদের হুমকি ও আক্রমণের মুখে প্রশাসন ‘আদিবাসীদের’ ভূমি নিয়ে দায়িত্বশীল ভূমিকা নেয় না। নিরাপত্তাহীনতার কারণে নিরবে নিভৃতে এখনো দেশত্যাগের ধারা রয়ে গেছে।

সুপারিশে ‘আদিবাসীদের’ নামে নতুন-পুরনো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়। পাশাপাশি ‘আদিবাসীদের’ সঙ্গে আলোচনা করে মধুপুরের ইকোপার্ক ইস্যুটির নিষ্পত্তি করতে হবে। সমতলের ‘আদিবাসীদের’ জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে।