ইউনূসের জন্মদিন ‘সামাজিক ব্যবসা দিবস’ পালন
গত কয়েক বছরের মতো ৭৫তম জন্মদিনটিও ‘সামাজিক ব্যবসা দিবস’ পালন করে কাটিয়েছেন বাংলাদেশি হিসাবে নোবেলজয়ী প্রথম ব্যক্তি মুহাম্মদ ইউনূস।
শনিবার সকালে রাজধানীর র্যাডিসন হোটেলে অনাড়ম্বর এক অনু্ষ্ঠানে কেক কেটে ইউনুসের জন্মদিন এবং পঞ্চম ‘সামাজিক ব্যবসা দিবস’-এর উদ্বোধন করা হয়।
বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমে ক্ষুদ্রঋণের ‘অগ্রদূত’ হিসেবে পরিচিত ইউনূস তার তৈরি ‘সামাজিক ব্যবসা’ কনসেপ্ট ছড়িয়ে দিতে গত পাঁচ বছর ধরে বিশ্বের নানা প্রান্তে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তার জন্মদিনটিকেই তাই ‘সামাজিক ব্যবসা দিবস’ হিসাবে পালন করেন অনেকে।
জন্মদিনের কেক কাটার পরপরই ‘সামাজিক ব্যবসা দিবস’ উপলক্ষ্যে দিনব্যাপী সেমিনার শুরু হয়।
সেমিনারের উদ্বোধনী বক্তব্যে ইউনূস তরুণদের সামাজিক ব্যবসায়ের নানাদিক তুলে ধরে এ ব্যবসায়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার ব্যাপারে উৎসাহ দেন।
১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ম্যাট্রিক, চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি।
১৯৬৫ সালে মুহাম্মদ ইউনূস স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
গবেষণা দিয়ে কর্ম জীবন শুরু করলেও ১৯৬২ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসাবে শিক্ষকতা জীবন শুরু করেন ইউনূস।
১৯৬৯ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৭২ সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত তিনি এ পদে কর্মরত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে থাকার সময়ই তিনি পাশ্ববর্তী জোবরা গ্রামে ‘ক্ষুদ্রঋণ’ পরীক্ষামূলকভাবে চালু করেন।
পরে সেই প্রকল্পই গ্রামীণ ব্যাংকের রূপ নেয়, যার প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসাবেও ইউনূস দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ক্ষুদ্রঋণের মাধ্যমে সামাজিক অস্থিরতা দূর করতে এবং সমাজে শান্তি আনার বিষয়ে ভূমিকা রাখার উল্লেখ করে ২০০৬ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়।
এছাড়া বিশ্ব খাদ্য পুরস্কারসহ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, কংগ্রেশনাল স্বর্ণপদক পেয়েছেন ইউনুস।
দেশে বিদেশে আরও অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার সামাজিক ব্যবসা কনসেপ্ট নিয়ে আলাদা বিভাগ খোলা হয়েছে।
এবারের ‘সামাজিক ব্যবসা দিবস’- এর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবার্ট এফ কেনেডি সেন্টার ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডি, যিনি অনুষ্ঠানের মূল প্রবন্ধও পড়েন।
দেশ-বিদেশের এক হাজার প্রতিনিধি এ সম্মেলনে যোগ দিচ্ছেন। এবারের সম্মেলনে ছয়টি সেশনে অনুষ্ঠিত হচ্ছে।
এর মধ্যে প্রথম অধিবেশনে বক্তব্য দেন, গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট আন্দ্রেয়া জাং, জার্মানি ইউনূস সোশ্যাল বিজনেসের অন্যতম প্রতিষ্ঠাতা সোফি আইজানম্যান, নেপালের চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নির্ভানা চৌধুরী, কম্বোডিয়ার ফ্রি, পারফর্মিং সোশ্যাল এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী হাউট ডারা, চায়না সোশ্যাল বিজনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোয়া জান, ভারতের নাভার্ড গ্রুপের প্রধান মহাব্যবস্থাপক বি এস সুরান প্রমুখ।
