২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় রেজিস্ট্রার নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দেয়া রেজিস্ট্রার এটিএম এমদাদুল হকের নিয়োগ বাতিল করেছে সিন্ডিকেট।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 09:53 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শনিবার রাত ৯টায় শেষ হওয়া ৪১তম সিন্ডিকেট সভায় এই নিয়োগ বাতিল করা হয়।

সভায় নতুন রেজিস্ট্রার নিয়োগ না দেয়া পর্যন্ত সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলমকে রেজিস্ট্রারের দায়িত্ব (অতিরিক্ত দায়িত্ব) পালনের অনুমোদন দেয়া হয়।

সিন্ডিকেট সদস্য অধ্যাপক সরিফা সালোয়া ডিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টায় উপাচার্য ড. নূর-উন-নবীর সভাপতিত্বে সিন্ডিকেট সভা শুরু হয়।

সভায় আলোচনা হয় যে, উপাচার্য যাকে রেজিস্ট্রার নিয়োগ দিয়েছেন তা বিধিসম্মত হয়নি এবং এই নিয়োগ নিয়ে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। নিয়োগ বাতিলের দাবিতে কর্মকর্তারা ২১ জুন থেকে আন্দোলন করছেন।

এ নিয়োগ অনুমোদন করা হলে বিশৃঙ্খলা আরও বাড়বে।

তাই সর্বসম্মতিক্রমে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয় বলে ডিনা জানান।

নতুন রেজিস্ট্রার নিযোগ না দেয়া পর্যন্ত সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে সভায় অনুমোদন দেয়া হয়, বলেন ডিনা।

নিয়োগি বিধি উপেক্ষা করে উম্মুক্ত বিজ্ঞপ্তি ছাড়াই গত ৮ জুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এটিএম এমদাদুল হককে গোপনে নিয়োগ দিয়েছিলেন উপাচার্য। ২১ জুন এমদাদুল হক যোগদান করে ছুটিতে যান।

এ ব্যাপারে উপাচার্য ড. নূর-উন-নবী বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।