জন্মদিনে ইউনূসকে খালেদার শুভেচ্ছা
নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস শনিবার রাজধানীর হোটেল র্যাডিসনে গিয়ে ইউনূসের হাতে ফুল তুলে দেন।
শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাডাম নোবেলবিজয়ী অধ্যাপক ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠিয়েছেন। আমরা ম্যাডামের শুভেচ্ছা তাকে জানিয়েছি। ’’
১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামে জন্ম নেয়া ইউনূস বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও গ্রামীণ ব্যাংক দিয়েই তার পরিচিতি বিশ্বব্যাপী।
জন্মদিনে শনিবার ‘সামাজিক ব্যবসা দিবসে’ র্যাডিসনে এক সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন ইউনূস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবার্ট এফ কেনেডি সেন্টার ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটসের সভাপতি ক্যারি কেনেডি।
অনুষ্ঠানে সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাবের আওতায় হাইতি, নেপাল, উগান্ডা ও বাংলাদেশের সামাজিক ব্যবসার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।
প্রথম কর্মঅধিবেশনে বক্তব্য রাখেন গ্রামীণ আমেরিকার সভাপতি আন্দ্রেয়া জাং, জার্মানি ইউনূস সোশ্যাল বিজনেসের অন্যতম প্রতিষ্ঠাতা সোফি আইজানম্যান, নেপালের চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্ভানা চৌধুরী, কম্বোডিয়ার ফ্রি পারফর্মিং সোশ্যাল এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী হাউট ডারা, চায়না সোশ্যাল বিজনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোয়া জান, ভারতের নাভার্ড গ্রুপের প্রধান মহাব্যবস্থাপক বি এস সুরান প্রমুখ।
