বিহারী ক্যাম্পে আগুনে ‘পুড়িয়ে মারা’র’ প্রতিবাদ চট্টগ্রামে
ঢাকায় ‘বিহারী ক্যাম্পে’ আগুনে পুড়ে ১০ জনের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আটকে পড়া পাকিস্তানিরা।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে হওয়া কর্মসূচি থেকে তারা ঢাকার মিরপুরে অবাঙালি ক্যাম্পে পুড়িয়ে হত্যার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্ট্র্যান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি, চট্টগ্রাম আয়োজিত এ কর্মসূচি থেকে বক্তারা ঢাকার ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং যাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে তাদের দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়।
ঢাকার মতো চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানেও যাতে ছড়িয়ে না পড়ে এজন্য এঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়।
একইসঙ্গে এঘটনায় গ্রেপ্তার অবাঙালিদের অবিলম্বে মুক্তিও দাবি করা হয়।
সংগঠনের চট্টগ্রাম জোনাল সেক্রেটারি সোহেল আক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোহেল আশরাফী, কাইয়ুম সিদ্দিকী, আবদুর কাদের ও আস মোহাম্মদ।
