ফরিদপুরে নিত্যপণ্যের দর ঊর্ধ্বমুখী
রমজানকে সামনে রেখে ফরিদপুরের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে।
শনিবার স্থানীয় বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে বেগুন, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা ও বিভিন্ন মসলাসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যের দাম বড়তি।
তবে ব্যবসায়ীদের দাবি, রমজানের কারণে নয়, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে শাক-সবজিসহ বিভিন্ন পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যাহত হওয়ায় এই মূল্য বৃদ্ধি হয়েছে।
শহরের তিতুমির বাজার, শরীয়তুল্লাহ বাজার, টেপাখোলা বাজার, হেলিপ্যাড বাজারসহ জেলার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য বেড়েছে।
এসব বাজারে দেখা যায়, ২০ টাকার বেগুন এখন ৪০ টাকা, গোল বেগুনের কেজি ১শ টাকা। ২০ টাকার পটল ৪০ টাকা, শশা ২০ টাকা থেকে হয়েছে ৪০ টাকা, ৪০ টাকার কাঁচা মরিচ হয়েছে ৮০ টাকা। ১৫ টাকার ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৪০ টাকা আর ২৫ টাকার করলা ৪০ টাকা।
শহরের শরীয়তুল্লাহ বাজারে কাঁচা তরকারি কিনতে আসা শিক্ষকা সাহিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজান এলেই বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যাবসায়ীরা। এতে ক্রেতাদের সমস্যায় পড়তে হয়।
টেপাখোলা বাজারে আসা রাজেন্দ্র কলেজের ছাত্র মহিদ জানান, রমজান মাস এলেই বাজার করতে গিয়ে বিপাকে পড়তে হয়।
শরীয়তুল্লাহ বাজারের মসলা ব্যবসায়ী কাদের জানান, দাম বাড়ানোর ব্যাপারে তাদের কোনো হাত নেই। তারা কোম্পানির কাছ থেকে বেশি দামে কেনেন বলে বেশি দামে বিক্রি করতে হয়।
ফরিদপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজানে পণ্যের দাম যাতে ব্যবসায়ীরা ইচ্ছামতো বাড়াতে না পারে, ক্রেতা হয়রানি বন্ধ করতে বিশেষ মনিটরিং টিম গঠন করা হবে।
