বরিশালে বিএম কলেজ ছাত্রীকে অপহরণ
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে নগরীর কালীবাড়ি রোডে সরকারি বরিশাল কলেজ এলাকা থেকে তাকে অপহরন করা হয়।
অপহরণের শিকার এ ছাত্রী (পরিচয় প্রকাশ করা হলো না) ব্রজমোহন (বিএম) কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী।
মেয়েটির পরিবারের দাবি, তার সাবেক স্বামী এ ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, তাদের এখন মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা চলছে।
দুপুর পৌনে ২টার দিকে পরীক্ষা শেষে সরকারি বরিশাল কলেজ কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই ৩/৪ জন যুবক তাকে টেনেহিঁচড়ে একটি সাদা প্রাইভেটকারে তোলে।
এ ঘটনায় ছাত্রীটির এক স্বজন থানায় অভিযোগ দিয়েছেন।
তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি।
‘সাবেক স্বামী অপহরণ করেছে’
ছাত্রীটির স্বজনদের অভিযোগ, সাবেক স্বামী তাকে অপহরণ করেছে।
মেয়েটির ভাই সাংবাদিকদের জানান, ২০১০ সালে পিরোজপুর শহরের এক ছেলের সঙ্গে পারিবারিকভাবে তার বোনের বিয়ে হয়।
বিয়ের পর থেকে নানাভাবে তার বোনের উপর নির্যাতন চালাত স্বামীসহ শ্বশুরবাড়িরর লোকজন।
তার স্বামী ছিল সন্ত্রাসী প্রকৃতির এবং মাদকাসক্ত। তাই চলতি বছরের মার্চ মাসে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
এতে ক্ষিপ্ত হয়ে স্বামী এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন মেয়েটির ভাই।
