২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দোস্ত টেক্সটাইলের জায়গায় ইপিজেড চাই’

ফেনীর সরকারি দোস্ত টেক্সটাইল মিলস্ এর শত শত কোটি টাকার জায়গাটি নামমাত্র মূল্যে বিক্রির প্রতিবাদ এবং ওইস্থানে ইপিজেড স্থাপনের দাবি জানিয়েছেন মিলটির শ্রমিক-কর্মচারীরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 04:31 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

শনিবার দুপুরে ফেনী প্রেস ক্লাবের সামনে জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যনারে তারা মানববন্ধনে এ দাবি জানান।

পরিষদের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন লেদু, দোস্ত টেক্সটাইল মিলস সিবিএ সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস, শ্রমিক নেতা আবদুল মতিন, আজম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বিটিএমসি পরিচালিত ফেনীর দোস্ত টেক্সটাইল মিলটি অসাধু পরিচালনাকারীরা শুধু কাঁচামালের অভাব দেখিয়ে তিন বছর আগে বন্ধ করে দেয়।

এরপর থেকে মিলের ২১ দশমিক ৪৭ একর জায়গা থেকে ১২ দশমিক ৭১ একর পরিত্যক্ত দেখিয়ে নামমাত্র মূল্যে (২ কোটি ৭১ লাখ ৩৩ হাজার ৩৩৮ টাকা) বিক্রি করে দেয়।

হাজার কোটি টাকা মূল্যের মিলটি বিটিএমসি তিনটি কোম্পানির কাছে পানির দামে বিক্রির প্রতিবাদে গত এক মাস ধরে শ্রমিকরা আন্দোলন করে যাচ্ছেন।

বক্তারা মিলের জায়গায় ইপিজেট স্থাপন করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানান।

রমজানের মধ্যে দাবি পূরণ না হলে মিলের জায়গা রক্ষার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলন করার হুমকি দেন তারা।

১৯৬৪ সালে ফেনী শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে রানির হাট এলাকায় পাকিস্তানি শিল্পপতি দোস্ত মোহাম্মদ ২১ দশমিক ৪৭ একর জায়গার উপর নিজ নামে মিলটি স্থাপন করেন।

১৯৬৫ সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। ১৯৭২ সালে মিলটি জাতীয়করণ করা হয়।