২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঞ্চনে পৌর নির্বাচনে সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাড়াইল এক নম্বর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত সুকোমল দত্ত (৫৫) তাড়াইল পশ্চিম পাড়ার বাসিন্দা। তিনি পান ব্যবসায়ী ছিলেন।

সকাল ৮টায় কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। তার আড়াই ঘণ্টার পরই তাড়াইল কেন্দ্রে সংঘর্ষ বাঁধে বলে রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোহনের লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় তারা গুলি ও ১০/১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। গুলিতে পান ব্যবসায়ী সুকোমল দত্ত মারা যান।”

পরে পুলিশ ও বিজিবি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।

বেলা পৌনে ১১টার দিকে হাটাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকরা কেন্দ্র দখলের উদ্দেশ্যে হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, “রফিকুল ইসলামের সমর্থকদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান ভূঁইয়া ও দেওয়ান আবুল বাশারের সমর্থকরা বাধা দেয়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।”

পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।

দুটি ঘটনায় কমপক্ষে অর্ধশত আহত হয়েছে এবং কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে বলে জানান ওসি।